সিঙ্গাপুরে জঙ্গি সন্দেহে ৮ বাংলাদেশি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলাম শরিফুল (২৭), মামুন লিয়াকত আলী (২৯), মো. জাবেদ কায়সার হাজী নুরূ​ল ইসলাম সওদাগর (৩০), মিয়া রুবেল (২৬), জামান দৌলত (৩৪), সোহেল হাওলাদার ইসমাইল হাওলাদার (২৯),সোহাগ ইব্রাহিম (২৭) ও রহমান মিজানুর (৩১) (ওপরে বা থেকে)। ছবি: সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ইসলাম শরিফুল (২৭), মামুন লিয়াকত আলী (২৯), মো. জাবেদ কায়সার হাজী নুরূ​ল ইসলাম সওদাগর (৩০), মিয়া রুবেল (২৬), জামান দৌলত (৩৪), সোহেল হাওলাদার ইসমাইল হাওলাদার (২৯),সোহাগ ইব্রাহিম (২৭) ও রহমান মিজানুর (৩১) (ওপরে বা থেকে)। ছবি: সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়

চার মাসের মাথায় সিঙ্গাপুরে জঙ্গি সন্দেহে আরও আট বাংলাদেশিকে আটক করা হয়েছে। যাঁরা দেশে ফিরে গিয়ে গুপ্তহত্যাসহ সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিলেন বলে দাবি করেছে ওই দেশের সরকার।
সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। তাতে বলা হয়, ওই দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা আইনে গত মাসে এই আটজনকে আটক করা হয়েছে। এসব ব্যক্তি একটি গোপন দলের সদস্য। এ দলের শীর্ষ ব্যক্তি ৩১ বছর বয়সী নির্মাণশ্রমিক মিজানুর রহমান। তিনি গত মার্চে ইসলামিক স্টেট ইন বাংলাদেশ (আইএসবি) নামে সিঙ্গাপুরে একটি গোপন সংগঠন প্রতিষ্ঠা করেন এবং বাকি সাতজনকে দলে নেন।
সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গতকাল গ্রেপ্তার আট বাংলাদেশির ছবি প্রকাশ করা হয়েছে। এঁরা হলেন মিজানুর রহমান (৩১), লিয়াকত আলী মামুন (২৯), সোহাগ ইব্রাহিম (২৭), রুবেল মিয়া (২৬), দৌলতুজ্জামান (৩৪), শরিফুল ইসলাম (২৭), মো. জাবেদ কায়সার হাজি নুরুল ইসলাম সওদাগর (৩০) ও ইসমাইল হাওলাদার সোহেল (২৯)। তাঁঁরা সবাই নির্মাণশিল্পের ও নৌশিল্পের ‘ওয়ার্ক পারমিটধারী’ শ্রমিক।
সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃত ব্যক্তিদের কাছ থেকে ‘আক্রমণের লক্ষ্যবস্তু’ হিসেবে বাংলাদেশের কিছু সরকারি ও সামরিক কর্মকর্তার নামের তালিকা, অস্ত্র ব্যবহার ও বোমা তৈরির পদ্ধতিসংক্রান্ত দলিলপত্র এবং উগ্রপন্থী বইপত্র পাওয়া গেছে। তাঁরা সিরিয়া ও ইরাকে সক্রিয় জঙ্গি সংগঠন আইএসে যোগ দিতে চান। কিন্তু মধ্যপ্রাচ্যে যাওয়া কঠিন বলেই তাঁরা বাংলাদেশে ফিরে গিয়ে সহিংস উপায়ে সরকার উৎখাতের মাধ্যমে একটি ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করে দেশটিকে আইএসের স্বঘোষিত খিলাফতের অধীনে নেওয়ার চেষ্টার ওপর গুরুত্ব দেন।
সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মাহবুব উজ জামান গতকাল টেলিফোনে প্রথম আলোকে বলেন, সিঙ্গাপুর কর্তৃপক্ষ মোট ১৩ জনকে আটক করে। তাঁদের মধ্যে পাঁচজনকে দেশে ফেরত পাঠায়। আর আটজনকে সিঙ্গাপুরে আটক রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বলেন, বিষয়টি নিয়ে দুই দেশ ঘনিষ্ঠভাবে কাজ করছে। বাংলাদেশ কোনোভাবেই জঙ্গিবাদ সমর্থন করে না। এ ব্যাপারে সিঙ্গাপুরকে সহযোগিতা করছে বাংলাদেশ।
এদিকে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটি) বিভাগ বলছে, সিঙ্গাপুর থেকে যে পাঁচজনকে দেশে ফেরত পাঠানো হয়, তাঁদের গতকাল ঢাকার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন মিজানুর রহমান ওরফে গালিব হাসান চৌধুরী (৩৮), মো. রানা মিয়া ওরফে পাইলট (২৯), আলমগীর হোসেন (৩১), তানজিমুল ইসলাম (২৪) ও মাসুদ রানা ওরফে সন্টু খান (৩১)। এঁরা ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত বিভিন্ন সময় কাজের অনুমতি নিয়ে সিঙ্গাপুরে যান। গতকাল তাঁদের বিরুদ্ধে ঢাকার রামপুরা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ। আজ বুধবার তাঁদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করবে পুলিশ।
এঁদের বিষয়ে জানাতে গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে ডিএমপির কমিশনারের মুখপাত্র ও সিটির প্রধান মো. মনিরুল ইসলাম বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথভাবে কাজ করার যে সদিচ্ছা ও ধারাবাহিকতা, এর সঙ্গে সমন্বয় করেই গত ২৯ এপ্রিল এই পাঁচজনকে ঢাকায় ফেরত পাঠানো হয়। তাঁদের পর্যবেক্ষণে রেখে গতকালে বনশ্রী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এই পাঁচজনের সঙ্গে সিঙ্গাপুরে আটক থাকা আটজনের চমৎকার সমন্বয় রয়েছে।
মনিরুল ইসলাম বলেন, সিঙ্গাপুর পুলিশ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ এনেছে যে এঁরা জঙ্গিবাদের বিষয়ে বিভিন্নজনকে দাওয়াত দিচ্ছিলেন। জঙ্গিবাদের পক্ষে যোগ দিয়ে আর্থিক সহযোগিতা ও অন্য সহযোগিতা করার জন্য তাঁরা সিঙ্গাপুরে বিভিন্ন লোকজনকে সংগঠিত করছিলেন। তাঁদের জিজ্ঞাসাবাদ শেষে দেশে পাঠানো হয়। সিঙ্গাপুরের অভিযোগের যাচাই-বাছাই চলছে। অভিযোগের সত্যতা পেলে বাংলাদেশের আইন অনুযায়ী এঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই পাঁচজন সিঙ্গাপুরে যাওয়ার আগে জঙ্গিবাদের সঙ্গে জড়িত ছিলেন না। তাঁরা সিঙ্গাপুরে গিয়ে এই মতাদর্শে উদ্বুদ্ধ হন। এঁদের কারও কারও কাছে আনসারুল্লাহ বাংলা টিম বা আনসার আল ইসলামের তাত্ত্বিক নেতা মুফতি জসিমউদ্দিন রাহমানীর বিভিন্ন বই পাওয়া গেছে।
এক প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, বাংলাদেশে বা সিঙ্গাপুরে এঁরা নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, এমন কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। আর, সিঙ্গাপুরে আটক আটজনের বিষয়ে বিস্তারিত তথ্য তাদের কাছে নেই।
এর আগে উগ্র মতাদর্শে দীক্ষিত হওয়া বা জঙ্গি-সংশ্লিষ্টতার অভিযোগে সিঙ্গাপুর সরকার ২৭ বাংলাদেশিকে আটক করে। তাঁদের গত বছর নভেম্বর ও ডিসেম্বরে কয়েক দফায় দেশে ফেরত পাঠানো হয়। মনিরুল ইসলাম জানান, এই ২৭ জনের মধ্যে ১৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। তাঁরা কারাগারে আছেন। মামলাগুলোর তদন্ত চলছে। বাংলাদেশি আইনে বাকিদের অপরাধের প্রমাণ পাওয়া যায়নি। তাই তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।
সিঙ্গাপুরে স্ট্রেইট টাইমস পত্রিকার এক খবরে বলা হয়, সর্বশেষ আটজনকে আটকের ঘটনাটি অন্য রকম। ওই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ওই আট ব্যক্তি বাংলাদেশে ফিরে হামলার জন্য সম্ভাব্য কয়েকটি লক্ষ্য নির্ধারণ করেছেন। এ ছাড়া তাঁদের কাছে অস্ত্রশস্ত্র ও বোমা বানানোর কাগজপত্র পাওয়া যায়। বাংলাদেশে হামলার লক্ষ্যে অস্ত্র কেনার জন্য তাঁরা তহবিলও সংগ্রহ করেছেন।
অবশ্য ওই আট ব্যক্তির কাছ থেকে কী পরিমাণ অর্থ জব্দ করা হয়েছে, তা অপ্রকাশিত রেখেছে সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, আইএসবি সিঙ্গাপুরের নিরাপত্তার জন্য একটি হুমকি। কারণ এটি আইএসকে (ইসলামিক স্টেট) সহায়তা দিচ্ছে এবং বিদেশে সহিংসতা চালানোর প্রস্তুতি নিয়েছে। তাঁদের ব্যাপারে এখনো তদন্ত চলছে। মিজানুর বলেছেন, তিনি আইএসের নির্দেশনা পেলে যেকোনো স্থানে হামলা চালাবেন। তবে সিঙ্গাপুরে হামলার সুনির্দিষ্ট কোনো উদ্দেশ্য আছে কি না, তা স্পষ্ট নয়।
সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মিজানুরের কাছ থেকে ‘উই নিড ফর জিহাদ ফাইট’ শিরোনামের একটি দলিল উদ্ধার করা হয়েছে। এতে বাংলাদেশের সরকার এবং সামরিক কর্মকর্তাদের একটি তালিকা রয়েছে, যাঁদের ওপর হামলা করা হতে পারে। এ ছাড়া ‘মিডিয়ার লোকজন’ এবং ‘অবিশ্বাসী’দেরও ওই তালিকায় রাখা হয়েছে।
এঁদের বিষয়ে জানতে চাইলে নিরাপত্তা বিশ্লেষক এয়ার কমোডর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রবাসী শ্রমিকেরা পরিবার, সমাজ এবং ওই দেশের মূলধারা থেকেও বিচ্ছিন্ন থাকে। তাঁদের টার্গেট করা সহজ। সিঙ্গাপুরে পুলিশ খুব সক্রিয়, তাই হয়তো ধরা পড়ছে। এখন দুশ্চিন্তার বিষয়, মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও এ রকম হতে পারে। তিনি বলেন, এ ধরনের ঘটনার কারণে দেশের জনশক্তি রপ্তানিতেও প্রভাব পড়তে পারে।